২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের পূর্ব বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ছয় মাস আগে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে জলিল মাতুব্বরের পক্ষের আলমগীর মতুব্বর মারা যান।

ফরিদপুরের পূর্ব বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2024, 03:28 PM

Updated : 12 Jan 2024, 03:28 PM

পূর্ব বিরোধের জের ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মো. মামুনুর রশিদ। 

সংঘর্ষে গুরুতর আহত আদম, কাওছার, জাকারিয়া ও অহিদকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

স্থানীয়দের বরাতে ওসি জানান, গ্রাম্য আধিপত্যের জের ধরে ছোট খারদিয়া গ্রামে কাওছার মাতুব্বর ও জলিল মাতুব্বর পক্ষের মধ্যে কয়েক দশক ধরে বিরোধ চলছে। যার জেরে একাধিক মামলাও হয়েছে।  

ছয় মাস আগে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে জলিল মাতুব্বরের পক্ষের আলমগীর মতুব্বর মারা যান। এরপর কাওছার মাতুব্বরসহ তার সমর্থক ৫৫ জনকে আসামি করে মামলা করা হয়।   

সেই মামলায় গ্রেপ্তারের পর সম্প্রতি কাওছার মাতুব্বরসহ অন্যরা জামিনে বের হয়েছেন।

এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় জলিলের পক্ষের লোকজন কাওছারের পক্ষের পান্নাল মাতুব্বরকে মারতে যায়, তখন দেশীয় অস্ত্র, লাঠি নিয়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। 

ওসি মামুনুর রশিদ আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় রাতে পান্নালকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।