ঝিনাইদহে বর গেলেন হাতিতে চড়ে, কনে এলেন খোলা পালকিতে
উভয় পরিবারের সম্মতিতে এই বিয়েতে সুন্দর সমাপ্তি হলো উম্মির সঙ্গে প্রান্তের ১০ বছরের প্রেমের সম্পর্কের।
ঝিনাইদহে রাজকুমার বেশে হাতে খোলা তরবারি নিয়ে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বর মাহমুদ রাফাতুজ্জামান প্রান্ত। বিয়ে শেষে কনেও শ্বশুর বাড়িতে আসলেন রাজকুমারি বেশে সুসজ্জিত খোলা পালকিতে চড়ে। এ যেন বাদশাহী আমলের রাজসিক বিয়ে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বিয়ে নিয়ে শহর জুড়ে চলছে আলোচনা।
বর মাহমুদ রাফাতুজ্জামান প্রান্ত ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ার মো. আবু বকর ও বদরুন নাহার রুমা দম্পতির ছেলে। কনে একই শহরের উপশহর পাড়ার মির আমিরুল ইসলাম ও শাহানারা পারভিন দম্পতির মেয়ে জান্নাতুল ফিজা উম্মি।
রাফাতুজ্জামান বর্তমানে চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। কনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্রী।
বর রাফাতুজ্জামান প্রান্ত বলেন, উম্মির সঙ্গে তার ১০ বছরের প্রেমের সম্পর্ক। তবে উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ের আগেই তারা দু’জন মিলে বিয়ের অনুষ্ঠান স্মরণীয় করে তুলতে এমন পরিকল্পনা করেছিলেন।
“কিন্তু হাতি সংগ্রহ করা নিয়ে সমস্যা হয়। অবশেষে ১৫ হাজার টাকায় কোটচাঁদপুরের একটি সার্কাস দলের হাতি ভাড়া নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে হাতিটিকে সাজানো হয়।”
এ বিয়ের আয়োজন করা হয় শহরের উপকণ্ঠে জোহান ড্রিমভ্যালী পার্কে। দুপুরে রাজকুমার বেশে বাড়ি থেকে বের হয়ে বর হাতির পিঠে উঠে বসেন। তার হাতে ছিল খোলা তরবারি। এরপর শহরের পায়রা চত্ত্বর ঘুরে বিয়ে অনুষ্ঠানে হাজির হন তিনি। আর বরযাত্রীরা যান মাইক্রো, কার ও মোটরসাইকেলে।
আবার বিয়ে শেষে সন্ধ্যার পর বর হাতির পিঠে চড়ে তার পাশে রাজসিকভাবে সাজানো খোলা পালকিতে চড়া কনেকে নিয়ে শহর ঘুরে বাড়ি ফেরেন।
এ সময় সাধারণ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে এ দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাদের আগামী দিনের জন্য শুভকামনা জানান।
বরের বন্ধু ব্যাপারি পাড়ার মিলন বসু জানান, বিয়ের মাধ্যমে তাদের এক দশকের প্রেমের একটি সুন্দর সমাপ্তি হয়েছে। আমরাও এ বিয়েতে খুব আনন্দ করেছি।
