পিকআপভ্যানে ৫১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
মাদক পাচারের গোপন খবরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব।
সিরাজগঞ্জে একটি পিকআপভ্যান থেকে গাঁজা উদ্ধারের পর এক মাদক কারবারিকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
সোমবার দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জ সদরের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে মাদকগুলো উদ্ধার করেন তারা।
গ্রেপ্তার ২১ বছর বয়সী কাওসার হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার মির্জানগর পশ্চিমপাড়ার ইকবাল হোসেনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক পাচারের গোপন খবরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব। এ সময় একটি পিকআপভ্যানে আসতে দেখে তাদের সন্দেহ হলে চালককে থামানোর নির্দেশ দেওয়া হয়। পরে ওই গাড়িতে তল্লাশি করা হলে ৫১ কেজি গাঁজা পাওয়া যায়।
পরে কাওসারকে গ্রেপ্তার এবং পিকআপভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানানো হয়েছে।
