২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে চৌকিদার হত‍্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 07:30 PM

Updated : 20 Jul 2023, 07:30 PM

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের এক চৌকিদারকে হত‍্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী ছয় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সঞ্জীব সরকার জানান।

দণ্ড পাওয়ারা হলেন- আব্দুল কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া, আবু বকর, আতিউল্লাহ, মতিউর রহমান মতি ও ফকর উদ্দিন। এর মধ‍্যে পলাতক রয়েছে তারা মিয়া। আসামিরা সবাই উপজেলার বাহেরাতলা গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি সঞ্জীব সরকার জানান, ২০০৬ সালের ১২ অক্টোবর বাহেরতলা এলাকায় চৌকিদার রজব আলীকে পিটিয়ে হত্যা করেন আসামিরা।

ঘটনার পরদিন নিহতের ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় হত‍্যা মামলা করেন। এর মধ্যে একজন মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আহসান উল্লাহ, আক্কাস আলী ও আবাদ উল্লাকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের স্বজনরা।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান এক আসামির স্বজন মমিনুল ইসলাম রুবেল।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান।