২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মহিষের আক্রমণে কৃষক নিহত

একপর্যায়ে একটি মহিষ রশি ছিঁড়ে হঠাৎ করে নেজাম উদ্দিনের ওপর আক্রমণ করে।

ফেনীতে মহিষের আক্রমণে কৃষক নিহত

ফেনীর সোনাগাজী থানা

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2023, 11:15 PM

Updated : 30 Jun 2023, 11:15 PM

ফেনীর সোনাগাজী উপজেলায় মহিষের আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।  

শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চর খোন্দকার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়্যান।

নিহত নেজাম উদ্দিন (৪০) চর খোন্দকার গ্রামের আবদুল সাত্তারের ছেলে।

নিহতের ভাইপো সাকিব আল হাসান বলেন, নেজাম উদ্দিন সকালে বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। ওই জমির পাশে কয়েকটি মহিষ বাঁধা ছিল।

একপর্যায়ে একটি মহিষ রশি ছিঁড়ে হঠাৎ করে তার ওপর আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানকার চিকিৎসক নেজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদেকুল করিম বলেন, মহিষের আক্রমণে গুরুতর আহত একজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি খালেদ হোসেন দাইয়্যান বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।