৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ পেলেন আনোয়ার-মাসুম

অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 09:13 PM

Updated : 31 Oct 2026, 09:13 PM

চলতি বছরের ‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ পেয়েছেন কবি আবিদ আনোয়ার এবং শিশু সাহিত্যিক, গল্পকার ও নাট্যকার মাসুম মাহমুদ।

শনিবার ঢাকায় ডেইলি স্টার ভবনের তৌফিক ইমাম সেমিনার হলে এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।

কিশোরগঞ্জের ‘আবু খালেদ পাঠান ফাউন্ডেশন’ এ পুরস্কার দিল তৃতীয়বারের মত। ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর এ পুরস্কার চালু হয়।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, "যাদের জন্য এই সাহিত্য পুরস্কার, তাদের প্রাপ্তির মাত্রা বাড়ানো উচিত। দেশে অনেক সাহিত্য পুরস্কার বন্ধ হয়ে গেলেও বর্তমানে অনেকেই ভালো লিখছেন। তাদের এই কাজের উপযুক্ত স্বীকৃতির জন্য পুরস্কারের মূল্যমানও সম্মানজনক হওয়া প্রয়োজন।"

কবি ফরিদ কবির বলেন, "সমাজে এক শ্রেণির মানুষ আছেন, যারা কেবল দিয়েই যান। আবু খালেদ পাঠান তেমনই একজন মানুষ ছিলেন। কিশোরগঞ্জবাসীর এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা সর্বজনপ্রিয় ছিলেন। এই উদ্যোগ নতুন লেখকদের আরও অনুপ্রাণিত করবে।”

আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের সভাপতি নায়লা ইয়াসমিন বলেন, “মূলত কিশোরগঞ্জের কবি-সাহিত্যিকদের উৎসাহ দিতেই এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে।”