০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বিচ্ছেদের জল্পনায় ইতি! দীপাবলীর অনুষ্ঠানে হাত ধরে হাজির অভিষেক ও ঐশ্বরিয়া

“সেই পুরনো অভিষেক-ঐশ্বরিয়ার রসায়ন যেন ফিরে এসেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 04:35 PM

Updated : 06 Nov 2026, 04:52 PM

তিন বছর ধরে বলিউডের বচ্চন পরিবারের এমন কিছু খবর প্রকাশ্যে এসেছে, তাতে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়াই রাইয়ের দূরত্বের ইঙ্গিত মিলেছে।

তবে গুঞ্জন, ইঙ্গিত এক নিমেষে পেছনে ফেলে দিলেন তারকাদম্পতি। মুাম্বইয়ে পোশাকশিল্পী মণীশ মালহোত্রার দীপাবলীর পার্টিতে একসঙ্গে হাজির হলেন দুজনে। একে অপরের হাতে হাত রেখে অনুষ্ঠানে পা রাখেন বচ্চন পরিবারের ছেলে ও পূত্রবধূ।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার মণীশের দীপাবলীর তারকাখচিত আসর বসেছিল বৃহস্পতিবার। অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর, সাইফ আলী খান, কাজলসহ বলিউডের বহু পরিচিত মুখ হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। তবে অভিষেক-ঐশ্বরিয়া জুটির রসায়ন নজর কাড়ে সবার।

এ দিন অভিষেকের পরনে ছিল কালো শেরওয়ানি। অন্য দিকে সোনালি পাড়ে লাল শাড়িতে সেজেছিলেন ঐশ্বরিয়া। অনুষ্ঠানের লাল গালিচায় দাঁড়িয়ে একসঙ্গে ছবিও তোলেন ঐশ্বরিয়া ও অভিষেক। তবে তাদের একক ছবি তোলার জন্য আলোকচিত্রীরা অনুরোধ করলেও তাতে রাজি হননি দম্পতি। বরং দুজনে একসঙ্গে ছবির জন্য দাঁড়ান।

সোশাল মিডিয়ায় সে সব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

এক অনুরাগী লিখেছেন, “দুজনকে একসঙ্গে দেখে ভালো লাগছে।”

আরেকজন লিখেছেন, “সেই ২০০৮ সালের অভিষেক-ঐশ্বরিয়ার রসায়ন যেন ফিরে এসেছে।”

গেল কয়েক বছর ধরে বিচ্ছেদের নানা গুঞ্জন শোনা গেলেও এই জুটি তা উড়িয়ে দিয়েছেন। ‘সাংসারিক দ্বন্দ্বে’ দুবছর ধরে ঐশ্বরিয়া বচ্চনদের বাড়িতে না থাকলেও বিয়েটা টিকিয়ে রেখেছেন তারা দুজনেই। এমনকি গেল ২০ এপ্রিল অভিষেক-ঐশ্বরিয়া তাদের ১৯তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন।

২০০০ সালের শুরুর দিকে পরিচয় হয় অভিষেক ও ঐশ্বরিয়ার।‘উমরাও জান’, ‘গুরু’ এবং ‘ধুম ২’-এর মত সিনেমায় কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন তারা। তাদের আরাধিয়া বচ্চন নামের এক কন্য সন্তান রয়েছে।

২০২৩ সালের শেষ দিক থেকে ঐশ্বরিয়া তার মেয়ে আরাধিয়া বচ্চনকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন। এরপর থেকে সোশাল মিডিয়ায় কেবল নিজের ও মেয়ে আরাধিয়ার ছবি পোস্ট করেছেন।

এরপর মুম্বাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবার ও ঐশ্বরিয়া আলাদাভাবে নিজেদের নিমন্ত্রণ রক্ষা করলে তাদের বিচ্ছেদ গুঞ্জন জোরালো হয়। একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া নিজের নাম থেকে ‘বচ্চন’ বাদ দেন। অভিষেকও একটি অনুষ্ঠানে হাজির হন আঙুলে বিয়ের আংটি ছাড়াই।

তবে গত এক বছর থেকে বিভিন্ন অনুষ্ঠানে ঐশ্বরিয়া ও অভিষেককে এক সঙ্গে দেখাও গেছে। কিন্তু সে সব জায়গায় ছবি তোলার জন্য দুজনকে এক ফ্রেমে ধরা যায়নি। এবার দীপাবলীতে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন ঐশ্বরিয়া-অভিষেক।