২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সাহিত্য পুরস্কার থেকে বাদ যাবে না এআই দিয়ে লেখা বই

এ বছর ফ্রান্সের মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারসহ বেশ কিছু সাহিত্য পুরস্কারের ফাইনালে ও বিজয়ী হিসেবে এআইয়ের সম্ভাব্য ব্যবহার নিয়ে চলা তীব্র বিতর্কের পরই এ পুরস্কার চালু হল।

সাহিত্য পুরস্কার থেকে বাদ যাবে না এআই দিয়ে লেখা বই

বিশ্বের যে কোনো স্থান থেকেই লেখক বা প্রতিযোগীরা অংশ নিতে পারবেন, তবে লেখা অবশ্যই ফরাসি ভাষায় জমা দিতে হবে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 04:35 PM

Updated : 25 Oct 2026, 04:35 PM

সাহিত্যের চিরচেনা আঙিনায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কেবল মানুষের সৃষ্টিশীলতা নয়, এআইয়ের সহযোগিতায় লেখা বইয়ের জন্য চালু করা হয়েছে নতুন এক সাহিত্য পুরস্কার।

‘প্রি পাসকাল দে লিতারেত্যুর ইয়া’ নামের পুরস্কারের জন্য এমন পাণ্ডুলিপি জমা দিতে হবে, যা এআই টুলের সাহায্যে তৈরি। প্রতিযোগিতায় বিজয়ী পাণ্ডুলিপিটি প্রকাশ করা হবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

অংশগ্রহণকারীদের ১০ হাজার থেকে ৫০ হাজার শব্দের মধ্যে অপ্রকাশিত পাণ্ডুলিপি জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি লেখা তৈরি করতে কোন এআই মডেল ও প্রম্পট ব্যবহার হয়েছিল, সেই তথ্যও জমা দিতে হবে।

এ লেখায় চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই ও লামাসহ বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের অনুমতি রয়েছে। বিশ্বের যে কোনো স্থান থেকেই লেখক বা প্রতিযোগীরা অংশ নিতে পারবেন, তবে লেখা অবশ্যই ফরাসি ভাষায় জমা দিতে হবে।

১৭ শতকের ফরাসি বহুশাস্ত্রবিদ ব্লেজ পাসকালের নামানুসারে এই ‘প্রি পাসকাল’ পুরস্কারের নাম রাখা হয়েছে।

তিনি প্রথম দিকের মেকানিক্যাল ক্যালকুলেটর উদ্ভাবনে অবদান রেখেছিলেন ও ‘পঁসে’সহ একাধিক ধর্মতাত্ত্বিক গ্রন্থ রচনা করেছিলেন, যার ‘দার্শনিক গভীরতা ও সাহিত্যিক আকর্ষণের’ প্রশংসা করেছিলেন পোপ ফ্রান্সিস।

প্রতিযোগিতার শর্তাবলীতে কল্পকাহিনী বা ফিকশনধর্মী লেখা আহ্বান করা হলেও এতে বলা হয়েছে, জমা দেওয়া লেখাগুলোকে অবশ্যই মানবজাতির জন্য হুমকিস্বরূপ যে কোনো নৈতিক, সামাজিক বা পরিবেশগত সমস্যার সমাধানে সহায়ক হতে হবে।

পুরস্কারটি যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ফিলিপ রদ্রিগেজ, আলবাঁ সেরভিয়ঁ ও জিল সাঁত্রে। ‘মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন’ বা একীভূতকরণ ও অধিগ্রহণ পরামর্শক কোম্পানি ‘আভোল্টা’র প্রতিষ্ঠাতা অংশীদার রদ্রিগেজ।

কোম্পানিটির ওয়েবসাইটে তাকে ‘ইউরোপীয় ক্রিপ্টো ও ব্লকচেইন শিল্পের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে, সেরভিয়ঁ একজন ডিজিটাল মিডিয়া উদ্যোক্তা ও এলজিবিটিকিউ+ ম্যাগাজিন ‘তেতু’র সাবেক চেয়ারম্যান।

সাঁত্রে হলেন দর্শনশাস্ত্রে পিএইচডিধারী একজন সাবেক সরকারি কর্মকর্তা, যিনি হার্ভার্ড ও প্যারিস ১ পান্তেওন-সরবোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সাঁত্রে অনলাইন ভোটিং প্ল্যাটফর্ম ‘এলেক্তিস’-এর একজন সহ-প্রতিষ্ঠাতাও।

এ বছর ‘কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ’, ‘কেইন প্রাইজ’ ও ফ্রান্সের মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ‘প্রি গনকুর’সহ বেশ কিছু সাহিত্য পুরস্কারের ফাইনালে ও বিজয়ী হিসেবে এআইয়ের সম্ভাব্য ব্যবহার নিয়ে গত কয়েক মাস ধরে চলা তীব্র বিতর্কের পরই এই ‘প্রি পাসকাল’ পুরস্কার চালু করা হল।

মঙ্গলবার ‘প্রি পাসকাল’-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রতিযোগীরা পুরস্কারটির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের লেখা জমা দিতে পারবেন এবং আবেদন জমা দেওয়ার এই প্রক্রিয়া চলবে নভেম্বর মাসের শেষ পর্যন্ত।

এরপর ১০টি পাণ্ডুলিপি নিয়ে সংক্ষিপ্ত তালিকা বা শর্টলিস্ট তৈরি করা হবে এবং ডিসেম্বরের শুরুতে বিজয়ী প্রার্থীর নাম ঘোষিত হবে।

পাঁচ বা ছয়জন লেখক, সমালোচক, সাংবাদিক, দার্শনিক ও প্রকাশকদের সমন্বয়ে গঠিত জুরি প্যানেল এ প্রতিযোগিতার বিচারকাজ পরিচালনা করবে, যার ঘোষণা আসবে আগামী নভেম্বরের শুরুতে।