২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে প্রবাসীর স্ত্রীকে ‘দুদফা দলবেঁধে ধর্ষণ’, আটক ৪

প্রবাসীর স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, যুবকরা তাদের একটি পরিত্যক্ত মুরগির খামারে নিয়ে টাকা দাবি করে।

বরিশালে প্রবাসীর স্ত্রীকে ‘দুদফা দলবেঁধে ধর্ষণ’, আটক ৪

প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 09:21 PM

Updated : 17 Jun 2023, 09:21 PM

বরিশালে গৌরনদীতে সৌদি আবর প্রবাসীর স্ত্রীকে দুদফা দলবেঁধে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার দুপুরে উপজেলার সরিকল এলাকায় এ ঘটনার পর পুলিশ চারজনকে আটক ও ১৮ বছর বয়সি প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে বলে সরিকল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফোরকান হোসেন জানান। 

আটকরা হলেন: ওই এলাকার শিশির (২৫), সালমান (১৮), ইয়াসিন মোল্লা (১৮) ও রেজাউল বেপারী (১৮)। 

ওই নারী ও সঙ্গে থাকা আরেক যুবককে জিজ্ঞাসাবাদের বরাতে ফোরকান বলেন, সরিকল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পলাশ মীর নামের পূর্বপরিচিত এক যুবকের সঙ্গে দেখা করতে যান ওই নারী। সেখানে একটি দোকানে বসে তারা দুজন কথা বলছিলেন। এ সময় চার যুবক গিয়ে তাদের আটক করে। তারা পলাশ ও প্রবাসীর স্ত্রীকে দোকানের পেছনে একটি পরিত্যক্ত মুরগির খামারে নিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। পলাশকে টাকা আনতে পাঠিয়ে ওই চারজন প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তারা ওই নারীর ফোন রেখে তাকে পলাশের বাড়িতে পাঠায়। প্রবাসীর স্ত্রী পলাশের বাড়ি  গেলে আরও চারজন সেখানে গিয়ে উপস্থিত হন। তারা পলাশের সামনেই ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন।   

এসআই ফোরকান আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক ও প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে গৌরনদী মডেল থানায় নিয়ে যায়।  

এ বিষয়ে ওই থানার ওসি আফজাল হোসেন বলে, আটক চার যুবক ও প্রবাসীর স্ত্রী বর্তমানে থানায় আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বিষয়টি জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।”