২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক অসন্তোষে সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা

লাঠিপেটার পাশাপাশি পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 11:54 PM

Updated : 25 Jun 2023, 01:15 AM

গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এমএসএ স্পিনিং নামের একটি কারখানার শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার সফিপুরে এ ঘটনা ঘটে বলে গাজীপুর শিল্প পুলিশ ২ এর পরিদর্শক (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার জানান।

তিন ঘণ্টা পর ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরে ওই সড়কে গাড়ি চলাচল শুরু করে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম জানান, কারখানা বন্ধ রাখার প্রতিবাদে ও বেতন-বোনাসের দাবিতে শনিবার বিকালে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা পাশের ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

এতে মহাসড়কের উভয় দিকের সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ ও মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান বলে তিনি জানান।

এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হতে দেখেছেন রেজাউল করিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলে কয়েক পুলিশ আহত হলে শুরু হয় লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ। এক পর্যায়ে জলকামান ব্যবহার করে সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। পরে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

এ কারখানায় প্রায় ৫-৬ হাজার শ্রমিক কাজ করেন। চলতি মাসসহ গত দুই মাসের বেতন ও ঈদের বোনাস পাওনা আছে শ্রমিকদের। মে মাসের শেষ থেকে কারখানাটি বন্ধ রয়েছে।

এক শ্রমিক জানান, “কর্তৃপক্ষ বলেছিল, কারখানা বন্ধ থাকলেও বেতন-বোনাস দেওয়া হবে। কিন্তু এখন তারা তা দিচ্ছে না। এ জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু পুলিশ আমাদের ওপর আক্রমণ করছে।”

এ ব্যাপারে পরিদর্শক নিতাই চন্দ্র সাংবাদিকদের বলেন, “প্রথমে আমরা তাদের বুঝাতে চেয়েছি কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে আমাদের ওপর আক্রমণ শুরু করে। এক পর্যায়ে যানবাহন ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় তাদের ছোড়া ইট-পাটকেলে আমাদের দুজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে।”

সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল শুরু করে বলে তিনি জানান।

কারাখানা বন্ধ থাকায় এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।