স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: সালমান এফ রহমান
“এখন আমরা বিএনপি সরকারের মত অন্যান্য দেশের কাছে ভিক্ষা চাই না।”
আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার দুপুরে ঢাকার দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, বই বিতরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ঢাকা-১ আসনের সংসদ সদস্য বলেন, “আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা অপরিসীম। আমাদের বয়স প্রায় শেষ, এখন তোমাদের সময়।
“বিশ্বে নতুন নতুন প্রযুক্তি আসছে। তাই বিশ্ব বাজারে টিকে থাকতে হলে স্মার্ট নাগরিক হতে হবে। সেজন্যে তোমাদের এগিয়ে আসতে হবে। তা না হলে আমরা এ প্রযুক্তির বিশ্বে পিছিয়ে পড়ব। প্রযুক্তিতে আমরা পিছিয়ে থাকতে চাই না”, যোগ করেন সালমান এফ রহমান।
বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, “এখন আমরা বিএনপি সরকারের মত অন্যান্য দেশের কাছে ভিক্ষা চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে আজ বাংলাদেশ একটি রোল মডেল। আজ পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে।
“এসব সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজ তার পরিকল্পনায় দেশে একের পর এক উন্নতি হচ্ছে, জাতি উন্নত হচ্ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ অধ্যাপক সদানন্দ মধু।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার।
উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ।
অনুষ্ঠানে সালমান এফ রহমান নবীন বরণ উপলক্ষে শিক্ষার্থীদের হাতে ফুল ও বই তুলে দেন।
বিকালে একই মঞ্চে লালন ব্যান্ড গান পরিবেশন করে।
