২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

উদ্ধার স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 03:07 PM

Updated : 13 Feb 2023, 04:42 PM

ভারতে পাচারের সময় সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে  ১৮টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটকের খবর জানিয়েছে বিজিবি।

রোববার রাতে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,সীমান্তের বলদঘাটা এলাকা থেকে সন্ধ্যায় স্বর্ণের বারগুলো জব্দ করেন তারা।

এ ঘটনায় আটক পাচু সরকার (৫২) সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বলদঘাটা গ্রামের দুর্গাচরণ সরকারের ছেলে।

 আশরাফুল হক বলেন, ভারতে সোনার একটি বড় চালান পাচারের গোপন খবরে মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩৭ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালায় বিজিবি।

এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে পাচু সরকার নামের এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকে মোড়ানো ১৮টি স্বর্ণের বার জব্দ করে।

উদ্ধার স্বর্ণের ওজন ২ কেজি ১০০ গ্রাম এবং বাজারমূল্য ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

আটক চোরাকারবারিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।