সুনামগঞ্জে স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ: চাচি ও চাচাতো ভাই গ্রেপ্তার
গত বুধবার এক মানববন্ধন থেকে স্কুলছাত্রী সাজনা আক্তারের খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্কুলছাত্রী সাজনা আক্তারের বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় তার চাচি ও চাচাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী জানান, গত বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠায়।
ওসি খালেদ চৌধুরী আরও জানান, গত ২২ জুলাই পাথারিয়া ইটভাটা এলাকায় সড়কের পাশ থেকে সাজনা আক্তারের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ কয়েকজন সন্দেহভাজনের ওপর দৃষ্টি রাখছিল। ঘটনার ৫ দিন পর নিহত সাজনার চাচি ও চাচাতো ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি বলেন, “নানা আলামত সংগ্রহ করে তাদের সঙ্গে কথা বলে বুধবার রাতে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হই, এই হত্যাকাণ্ড ওই ছাত্রীর আপন চাচাতো ভাই সালমান মিয়া ও তার মা খাইরুন নেসা জড়িত। তাই তাদের আটক করে পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত মা ও ছেলেকে কারাগারে পাঠায়।”
তিনি আরও বলেন, “যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, প্রাথমিক তদন্তে মনে হয়েছে তারা জড়িত। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা আছে কিনা তা জানতে অনুসন্ধান চলছে।”
গত বুধবার সুরমা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী মানবন্ধন করে স্কুলছাত্রী সাজনা আক্তারের খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
আরও পড়ুন:
