২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডিত আসামি ১৮ বছর পর গ্রেপ্তার

শুক্রবার রাতে ঢাকার পূর্বাচলের উপশহর থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডিত আসামি ১৮ বছর পর গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাসুদ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 06:21 PM

Updated : 09 Jul 2023, 06:21 PM

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয় বলে কালীগঞ্জ থানার এসআই রেজাউল করিম জানান।

দণ্ডিত মো. মাসুদ ওই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

মামলা ও রায়ের বরাত দিয়ে এসআই রেজাউল করিম বলেন, ২০০৫ সালে ১৫ এপ্রিল বিকালে পূর্বশত্রুতার জেরে রামচন্দ্রপুর গ্রামের শামসুল হক দর্জিকে বাড়ি ডেকে নিয়ে যান মাসুদ ও তার ভাই সানাউল্লাহ।

তিনি বলেন, এরপর তারা লাঠি দিয়ে শামসুলকে পেটান। মারধরে তাদের সঙ্গে যোগ দেন নুরে আলম ও তাদের বোনের স্বামী আনোয়ার শিকদার। এ সময় মাসুদ শামসুলের বুকে ছুরি দিয়ে আঘাত করেন।

তার চিৎকার শুনে শামসুলের স্ত্রী ঘটনাস্থলে ছুটে এসে সবাইকে ডাকতে থাকেন। এ সময় হামলাকারীরা শামসুলকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় শামসুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেজাউল করিম আরও বলেন, ঘটনার পরদিন নিহতের স্ত্রী হাফেজা বেগম বাদী হয়ে ওই চারজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুবকর সিদ্দিক একই বছরের ১০ অক্টোবর ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এসআই বলেন, মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২০১৭ সালের ২৩ জানুয়ারি গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ইকবাল হোসেন তিন ভাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ঘটনার পর থেকে মো. মাসুদ পলাতক ছিলেন। তাকে ধরতে ২০১৭ সালের ২৩ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সম্প্রতি প্রযুক্তির মাধ্যমে মাসুদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর তাকে শুক্রবার রাতে ঢাকার পূর্বাচলের উপশহর থেকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় আনা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।