জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি
সংঘর্ষে সাধারণ পথচারীসহ দুই দলের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
জয়পুরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং বিএনপির পদযাত্রা চলাকালে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে শহরের রেলগেট এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানান জয়পুরহাট পুলিশ সুপার নূরে আলম।
তিনি বলেন, পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
সংঘর্ষে সাধারণ পথচারীসহ দুই দলের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
দুই দলের নেতাকর্মী এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিকালে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন পার্টি অফিসে সামনে শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সেখানে থেকে বের হওয়া একটি শান্তি মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে বিকাল পৌনে ৫টার দিকে পার্টি অফিসে ফিরছিল। একই সময় শহরের নতুনহাট থেকে বিএনপির নেতা-কর্মীরা স্টেশন রোড হয়ে পদযাত্রা নিয়ে তাদের রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে সরকার বিরোধী নানা শ্লোগান দিতে থাকেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একে অন্যকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে।
সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিএনপির জেলা কার্যালয় ভাংচুর করে।
জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাজার হোসেন বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা আমাদের অফিসও ভাঙচুর করে। এতে কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।”
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোলায়মান আলীর অভিযোগ, তাদের শান্তি সমাবেশ চলাকালে বিএনপি’র নেতাকর্মীরা সমাবেশ স্থলের কাছাকাছি থেকে উস্কানিমূলক শ্লোগান দিতে থাকে। এতে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
পুলিশ সুপার জানান, শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে।
