আওয়ামী লীগের মত বটগাছকে উপড়ে ফেলা সম্ভব না: লিটন
“বিশ্ববাজার ঠিক হলে দ্রব্যমূল্যের দাম কমে যাবে আবার। এইটা নিয়ে লাফালাফি করার কোনো কারণ দেখি না।”
বিদেশিদের কথায় এখন বিএনপির নেতারা পুলকিত হলেও কয়েকদিন পরেই এর ‘ছলাকলা’ তারা বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেছেন, “বিদেশি কয়েকটি দেশ নির্বাচন নিয়ে বেশ কথা বলছে। বিএনপি পুলকিত হয়ে ভাবছে, তারা বোধহয় ক্ষমতায় চলে এসেছে।
“রাজনীতির ছলাকলা বিএনপি এখনও বুঝতে পারেনি। কিছুদিন পরেই বুঝতে পারবে। এভাবে রাজনীতি করে আওয়ামী লীগের মত একট বটগাছকে উপড়ে ফেলা সম্ভব নয়।”
রোববার বিকালে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এক শোক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে লিটন বলেন, “লন্ডনে বসে কলকাঠি নাড়াচ্ছেন তারেক জিয়া। তাকে অবশ্যই বাংলার মাটিতে নিয়ে আসা হবে, এখানেই তার বিচার হবে, তাকে শাস্তি পেতে হবে। কারণ তার হাত নিরীহ মানুষের রক্তে রঞ্জিত।”
এই সরকারের উন্নয়নের ছবি তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।
তিনি আরও বলেন, “সাময়িকভাবে দেশে দ্রব্যমূল্যের দাম কিছু বৃদ্ধি পেয়েছে। কিন্তু এর জন্য তো আমরা দায়ী নই। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ইউক্রেন, রাশিয়া থেকে গম জাহাজে আসতে পারছে না। নিষেধাজ্ঞা আছে আমেরিকার। সে কারণে গম, ভোজ্যতেল ইত্যাদির দাম বৃদ্ধি পেয়েছে।
“বিশ্ববাজার ঠিক হলে দাম কমে যাবে আবার। এইটা নিয়ে লাফালাফি করার কোনো কারণ দেখি না।”
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। সভা পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
