২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ঘরে মিলল স্বামী-স্ত্রীর লাশ, অচেতন উদ্ধার ৩

সকালে এসিতে বিকট শব্দ শুনতে পাওয়ার কথা জানান স্থানীয়রা।

ঝালকাঠিতে ঘরে মিলল স্বামী-স্ত্রীর লাশ, অচেতন উদ্ধার ৩

ঝালকাঠিতে নিহতদের বাড়িতে স্থানীয়দের ভীড়

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 05:45 PM

Updated : 20 Aug 2022, 05:45 PM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে; এ সময় ঘর থেকে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

শনিবার সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের চান্দের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

নিহতরা হলেন- মো. ফোরকান হাওলাদার (৫৫) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪৫)।

আহতরা হলেন- ফোরকানের ছেলে মাঈনুল, ভাইয়ের বউ মাহফুজা আক্তার ও ভাইজি সারা মনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার জেনারেটর চালিয়ে বাড়ির একটি কক্ষে এসি ছেড়ে স্ত্রী, ছেলে, ছোট ভাইয়ের স্ত্রী ও ভাইজিকে নিয়ে ঘুমাতে যান।

তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে বড়ভাই সেলিম হাওলাদার বেলা ১১টার দিকে লোকজন নিয়ে গেটের তালা ভেঙে ভেতরে গিয়ে তাদের উদ্ধার করেন।

এর মধ্যে ব্যবসায়ী ফোরকান হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগমকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদের অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।

এদিকে সকালে বাড়ির এসিতে বিকট শব্দ শুনতে পাওয়ার কথা জানান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, এরপরই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ওই কক্ষে। তাতে সেখানে ঘুমিয়ে থাকা পাঁচজনই অসুস্থ হন।

অচেতন অবস্থায় যাদের উদ্ধার করা হয়েছে তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, “জেনারেটর দিয়ে এসি চালানোর কারণেই মৃত্যু হয়েছে কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।”