২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ১৪ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল গৃহবধূর লাশ, আটক ২

রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে মিনুকে হত‍্যা করে টয়লেটের ট্যাংকে ফেলে দেওয়া হয় বলে ধারণা করছে পুলিশ।

নিখোঁজের ১৪ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল গৃহবধূর লাশ, আটক ২

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিহত গৃহবধূর স্বজনদের আহাজারি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 08:01 PM

Updated : 19 Aug 2023, 08:01 PM

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নিখোঁজের ১৪ দিন পর টয়লেটের ট্যাংক থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে নিহতের ননদ ও দেবরের স্ত্রীকে।

শনিবার উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান।

নিহত ২৭ বছর বয়সি মিনু বেগম ওই এলাকার উজ্জ্বল শেখের স্ত্রী। গত ৫ অগাস্ট থেকে থেকে নিখোঁজ ছিলেন তিনি।

তবে জিজ্ঞাসাবাদের জন্য আটক নিহতের ননদ ও দেবরের স্ত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

মিনুর মা সোনাই বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ বছর আগে মিনুর সঙ্গে উজ্জ্বলের বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকে মিনুকে নির্যাতন করত উজ্জ্বল। দুই বছর আগে উজ্জ্বল দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে।

“৫ অগাস্ট সকাল থেকে মিনুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। জামাইকে জিজ্ঞেস করেও কোনো সঠিক জবাব পাইনি। তিন দিন পর উজ্জ্বল ও তার বাবা-মায়ের নামে থানায় অভিযোগ করি।

“খোঁজাখুঁজির এক পর্যায়ে সকালে মেয়ের শ্বশুর বাড়িতে যাই। তাদের বাড়ির টয়লেট থেকে পচা গন্ধ ভেসে আসে। বেলা ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় টয়লেটের ট্যাংকের ঢাকনা খুলে মিনুর মরদেহ পাই।”

ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্যাংক থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক কলহের জেরে মিনুকে হত‍্যা করে টয়লেটের ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান ওসি আসাদুজ্জামান।