মুন্সীগঞ্জে শ্রেণি কক্ষের ফ্যান ছিঁড়ে ২ শিশু-শিক্ষার্থী আহত
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দুই শিশুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে চলন্ত সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে দুই শিশু-শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার উপজেলার সিজুয়ে কিন্ডার গার্টেন অ্যান্ড হাই স্কুলে এ ঘটনা ঘটে বলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া জানান।
আহত দুই শিক্ষার্থী হল: কেজি শ্রেণির ছয় বছর বয়সি জ্যৌতিময় দে ও সাত বছর বয়সি সাহেরা আলম সোহা।
প্রধান শিক্ষক জানান, গুরুতর আহত দুই শিশুকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, “এটি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার পরিচয়। সরকারি বিদ্যালয়গুলোতে এ বিষয়ে নির্দেশনা থাকে। যেহেতু বেসরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো, সেভাবে মনিটরিং ছিল না।”
