১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গুড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগ কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল

এ ছাড়া ওই এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সড়কসহ কয়েকটি সড়কের নামফলক ভেঙে ফেলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 05:37 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আওয়ামী লীগের কার্যালয় ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি গুড়িয়ে দেওয়া হয়েছে। 

শুক্রবার মধ্যরাতে উপজেলা সদরে এসব ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি আলী আসলাম জানান। 

এ ছাড়া শক্তিপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সড়কসহ কয়েকটি সড়কের নামফলক ভেঙে ফেলা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাতুড়ি ও রড নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে ভেকু মেশিন নিয়ে একটি এক তলা ভবন এবং আরেকটি টিনশেড ঘর গুড়িয়ে দেয়। 

এরপর মনিরামপুর এলাকায় অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি ভাঙচুর করা হয়।

ওসি আলী আসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ অগাস্ট উপজেলা আওয়ামী লীগে কার্যালয়টি ভাঙচুর করা হয়েছিল। রাতে অবশিষ্ট অংশ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।”