১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আর যেন ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে: সেলিম

সোমবার ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সিপিবির জনসভায় সেলিম এসব কথা বলেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 10:25 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

যারা মানুষের ওপর জুলুম করেছে, মানুষকে পাখির মত গুলি করে হত্যা করেছে তাদের মত ফ্যাসিস্টরা যেন বাংলাদেশে আর ফিরতে না পারে তা নিশ্চিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।  

সোমবার বিকালে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সিপিবির জনসভায় সেলিম এসব কথা বলেন। 

তিনি বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানকে সংগঠিত করার জন্য বামপন্থি, প্রগতিশীল ও কমিউনিস্টরা যে যার জায়গা থেকে আন্দোলনকে সংগঠিত করেছে, ধাপে ধাপে নিয়ে গেছে চূড়ান্ত পরিণতিতে। তাই শহীদদের এই আত্মত্যাগকে মূল্যায়ন করে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আবার ক্ষমতা কুক্ষিগত করে জনগণের উপর চেপে না বসতে পারে।”

নিত্যপণ্যের মূল্য কমানোর তাগিদ দিয়ে সেলিম বলেন, “আওয়ামী লীগ তার সব অপকর্মের আগে ‘জয় বাংলা’ বলত, বঙ্গবন্ধুকে ব্যবহার করত। মানুষ তা দিনে দিনে বুঝতে পেরে ক্ষুব্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়েছে। কোটা আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। জুলাই-অগাস্টে না ঘটলেও এই অভ্যুত্থান ঘটতই। কারণ, সাধারণ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল।” 

সিপিবির সাবেক সভাপতি বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আওয়ামী লীগের বয়ান সঠিক নয়। সঠিক তথ্য ও ইতিহাস জাতির সামনে নিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই একাত্তরের বিজয়ের বিরুদ্ধে গিয়ে নয়; বরং মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েই তার প্রকৃত বাস্তবায়নের জন্য আওয়ামী ফ্যাসিস্টদের বিকৃত করা ইতিহাস পুনরুদ্ধার করতে হবে। 

“একাত্তরের এপ্রিলে মুজিবনগরে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে ভিত্তি করে আমাদের আগাতে হবে। সংবিধানকে বিগত শাসকরা বারবার ক্ষত-বিক্ষত করেছে। সেটা সঠিক করার জন্য প্রয়োজনীয় সংশোধনী করতে হবে।” 

জেলা সিপিবির সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা রফিকুজ্জামান লায়েক, জেলার সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল।

সভা শেষে সন্ধ্যায় শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।