২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পানি নামায় আশ্রয়কেন্দ্র ছেড়েছে মানুষ, বাঁধে দ্বিগুণ ভাঙন

“বিগত চার দিন ধরে ২০টি স্থানে ভাঙনের তথ্য থাকলেও এখন বেড়ে ৩৬টি হয়েছে।”

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 09:54 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে যাওয়ায় সবাই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরেছে বলে জানিয়েছে প্রশাসন। 

তবে বৃষ্টি বন্ধ থাকলেও মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ১২০ কিলোমিটার বেড়িবাঁধে ভাঙনের সংখ্যা রাতারাতি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। 

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, “বৃষ্টি ও বন্যার মধ্যে শুধু ভাঙন এলাকার নাম অনুযায়ী ভাঙনস্থলের সংখ্যা জানতে পেরেছি। শুক্রবার থেকে কর্মকর্তারা সরেজমিন ঘুরে ভাঙনের চূড়ান্ত পরিসংখ্যান দিয়েছেন। 

“বিগত চার দিন ধরে ২০টি স্থানে ভাঙনের তথ্য থাকলেও এখন বেড়ে ৩৬টি হয়েছে, যা আরও বাড়তে পারে। যেসব ভাঙনস্থল গভীর হয়েছে সেগুলো দিয়ে এখনো নদীর পানি গ্রামাঞ্চলে প্রবেশ করছে। পানি নেমে যাওয়ার পর বাঁধের ভাঙন অংশের মেরামত কাজ শুরু হবে।”

সরজমিন ঘুরে দেখা গেছে, দুই উপজেলায় পুরো এবং তিন উপজেলায় আংশিক আক্রান্তের পর পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। ফেনী-পরশুরাম এবং ফেনী-ছাগলনাইয়া সড়ক থেকে পানি নামলেও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর। গ্রামীণ সড়কগুলো বেশি ক্ষতির শিকার হয়েছে। 

সড়ক বেহাল থাকায় এক স্থান থেকে আরেক স্থানে চলাচলরত ছোট যানবাহনগুলোকে বেগ পেতে হচ্ছে। ভাঙাচোরা, খানাখন্দে ভরা সড়কগুলো দিয়ে স্থানীয়দের চলাচল করতে হচ্ছে। 

ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ বীজতলা ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে পচে গেছে। উপজেলার দরবারপুরের কৃষক আবদুল মালেক বলেন, বন্যায় তার সব নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে শুরু করতে হবে। অথচ তার হাতে কোনো অর্থ নেই।

উপজেলায় গবাদিপশু ও হাঁস-মুরগির ক্ষতি হয়েছে। মুন্সীরহাট ইউনিয়নের কমুয়া চাঁনপুর গ্রামের রাসেলের একটি ষাঁড় এবং উত্তর দৌলতপুর এলাকার জসিম উদ্দিনের একটি গাভী মারা গেছে। 

বিজয়পুরের ‘বিসমিল্লাহ পোল্ট্রি’ খামারের মালিক হাসান জানান, তার খামারের দেড় হাজার মুরগি মারা গেছে। এতে খামারের অবকাঠামোসহ সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক মাহমুদ জানান, বন্যায় কবলিত গবাদিপশু (গরু ও ছাগল) প্রায় ৪৮০টি, ৩১ হাজার ৭০০টি হাঁস-মুরগি মারা গেছে। পশুখাদ্য ও ঘাসের ক্ষতি হয়েছে প্রায় ৬৫ টন। সব মিলে, মোট ক্ষতির পরিমাণ প্রায় ২৩ লাখ টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হাসান জানান, উপজেলায় এক হাজার ৩০৫টি পুকুর প্লাবিত হয়েছে। যার আয়তন প্রায় ২৭৮ হেক্টর। এতে আনুমানিক তিন কোটি ৭৪ লাখ টাকা ক্ষতি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, বিশুদ্ধ পানি, ওষুধ ও ল্যাট্রিন সংকটে ডায়রিয়া, চর্মরোগ ও সাপে কাটা রোগীর সংখ্যা বাড়তে পারে। 

উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ বলেন, “ফুলগাজী সদর ও মুন্সীরহাট এলাকায় সড়কের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। প্রকৃত চিত্র পেতে আরও কিছুদিন সময় লাগবে।”

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন বলেন, ৮ জুলাই থেকে বন্যার প্রভাব শুরু হয়। এতে আক্রান্ত হয় ফেনীর পাঁচ উপজেলা। সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজী উপজেলাসহ ছাগলনাইয়া (আংশিক), ফেনী সদর (আংশিক) ও দাগনভূঞা (আংশিক) উপজেলায় প্লাবিত হয় ১১২টি গ্রাম। ফুলগাজী, পরশুরাম ও ছাগলায়ায় বন্যার পরিস্থিতি উন্নতি হলেও ফেনী সদর এবং দাগনভূঞার কিছু স্থানে জলাবদ্ধতা রয়েছে। 

এদিকে বন্যার কারণে ১০ জুলাই চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা ফেনীতে বন্ধ থাকলেও রোববার থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হযেছে। 

আরও পড়ুন:

ফেনীর বন্যা: রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফেনীর বন্যা পরিস্থিতি

ফেনীতে বন্যা কবলিত সাড়ে ৩৪ হাজার মানুষ, আশ্রয়কেন্দ্র ছাড়ছে লোকজন

ফেনীর শতাধিক গ্রাম প্লাবিত, ফুলগাজী-পরশুরাম বিচ্ছিন্ন, মাঠে সেনা-

টানা বৃষ্টিতে ৫ জেলায় জলাবদ্ধতা, বন্যার চোখ রাঙানি

ফেনীতে বাঁধের ১৭ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত, বিদ্যুৎ বিচ্ছিন্ন

ফেনীতে সর্বোচ্চ ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত, ২ নদীর বাঁধে ভাঙন