২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ী যুব মহিলা লীগ: ইউনিট কমিটি ঘোষণা নিয়ে সভাপতি-সম্পাদকের দ্বন্দ্ব

সাধারণ সম্পাদক নাজমুন নাহারের সঙ্গে বসেই এসব কমিটি গঠন ও ঘোষণা করা হয়েছে বলে জানান সভাপতি কানিজ ফাতেমা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 11:49 PM

Updated : 02 Aug 2023, 11:49 PM

রাজবাড়ীতে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে তিনটি কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে; তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির সভাপতি।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাক্ষর জালের তথ্য জানিয়ে অভিযোগ করেন সাধারণ সম্পাদক নাজমুন নাহার সেন্টি।

এর আগে রোববার যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার প্যাডে রাজবাড়ী যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতিমা চৈতি ও সাধারণ সম্পাদক নাজমুন নাহার সেন্টি স্বাক্ষরিত তিনটি কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষণায় কোনো তারিখ ব্যবহার করা হয়নি।

এতে রাজবাড়ী সদর উপজেলায় রেহেনা পারভীনকে সভাপতি ও মুক্তা সুলতানাকে সাধারণ সম্পাদক, গোয়ালন্দ উপজেলায় শায়লা আক্তারকে সভাপতি ও সুলতানা পারভীন রেখাকে সাধারণ সম্পাদক এবং গোয়ালন্দ পৌর শাখায় সালমা আক্তারকে সভাপতি ও সুনিতা বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

রোববার রাত থেকেই নতুন কমিটিগুলোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।

পরদিন রাতে যুব মহিলা লীগের প্যাডেই লেখা সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুন নাহার সেন্টি জানান, যে তিনটি ইউনিট কমিটি গঠন করা হয়েছে তার কোনোটিতেই তিনি সই করেননি। তার স্বাক্ষর জাল করে কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির স্বাক্ষর ও সিলের সঙ্গে তার প্রকৃত স্বাক্ষর ও সিলের কোনো মিল নেই বলেও বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে নাজমুন নাহার সেন্টি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কানিজ ফাতিমা চৈতির সঙ্গে রাজনৈতিক কিছু বিষয়ে আমার মতবিরোধ রয়েছে। কমিটি করার আগে আমার কোনো মতামত নেওয়া হয়নি। সভাপতি কানিজ ফাতিমা চৈতি একাই এ কমিটি ঘোষণা করেছেন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

স্বাক্ষর ও সিল জাল করে কমিটি ঘোষণার তীব্র প্রতিবাদও জানান তিনি।

তবে এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতিমা চৈতি।

তিনি বলেন, “তিনটি কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি কমিটিতে নাজমুন নাহার সেন্টি তার পছন্দের একজন প্রার্থীকে আনতে চেয়েছিলেন। ওই প্রার্থী বিএনপি পরিবারের হওয়ায় তাকে কমিটিতে নেওয়া হয়নি। মূলত এ কারণেই ক্ষুব্ধ হয়ে সেন্টি এসব কথা বলছেন।”

সেন্টির সঙ্গে বসেই এসব কমিটি গঠন ও ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।