১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ধান ক্ষেতে জেনারেটরের তারে জড়িয়ে হাতির মৃত্যু

এ সময় দলের অন্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2025, 01:01 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বোরো ধান ক্ষেতে সংযোগ দেওয়া জেনারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতি মারা গেছে। এ ঘটনায় আটক করা হয়েছে এক কৃষককে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী পূর্ব সমশ্চূড়া গুচ্ছ গ্রাম কলোনির পাশে লাল টেংগড় এলাকায় হাতিটির মৃত্যু হয় বলে জানিয়েছেন শেরপুরের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী। 

আটক জিয়াউর রহমান জিয়া ওই এলাকার বাসিন্দা ও কৃষক।

রেঞ্জার দেওয়ান আলী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রায় ২০টি বন্য হাতির একটি দল পাহাড় থেকে সীমান্তবর্তী লাল টেংগড় এলাকায় নেমে আসে। রাত ১০টার দিকে হাতির দলটি খাবারের সন্ধানে জিয়াউর রহমান জিয়ার বোরো ধানের ক্ষেতে নামে। 

জিয়াউর রহমান জিয়া তার ধান ক্ষেতের পাশে বৈদ্যুতিক জেনারেটরের দিয়ে বিদ্যুতায়িত করা জিআই দিয়ে রেখেছিলেন। একটি হাতি সেই তারের স্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় দলের অন্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। খবর পেয়ে রাতেই বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পদির্শন করেন। 

স্থানীয় ও বন বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে খাবারের সন্ধানে সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে নেমে আসে বন্যহাতির দল। সাম্প্রতিক সময়ে বন্যহাতির এই তাণ্ডব আরও বেড়েছে।

হাতির এই হানা থেকে ফসল রক্ষা করতে স্থানীয় কৃষকরা বৈদ্যুতিক জেনারেটরের মাধ্যমে জিআই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে ক্ষেতের চারপাশ ঘিরে রাখেন এবং লাইট জ্বালিয়ে রাখেন। এতে অনেক সময় ভয়ে বন্যহাতির দল ধানক্ষেতে হানা দিতে আসে না।

রেঞ্জার দেওয়ান আলী বলেন, মৃত বন্যহাতিটি একটি মাদী হাতি। ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটি চাপা দেয়া হবে। 

এছাড়া আটক কৃষকের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।