Published : 22 Jun 2026, 02:52 PM
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহতের ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দিয়েছে একদল লোক।
খবর পেয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রোববার রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাঘাটা থানার ওসি মাহবুবুর রহমান।
সোমবার সকালে ছাত্রশিবির নেতা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
নিহত সাইফুল্লাহ্ বারী (২৪) উপজেলার শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।
ওসি মাহবুবুর রহমান বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি শুনেছেন তিনি। তবে কোনো অভিযোগ পাওয়া পাননি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ। এ ছাড়া সাইফুল্লাহ্ নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি এক পর্যায়ে সাইফুল্লাহ্ বারী ও তার সহযোগী সালাউদ্দিনকে পিটিয়ে জখম করা হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে সাইফুল্লাহ্কে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত সালাউদ্দিন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় বোনারপাড়ায় স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসীও অংশ নেন। মিছিল শেষে একদল লোক প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান সাঘাটা উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তোফাজ্জল হোসেন।