Published : 22 Jun 2026, 12:35 AM
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
নিহত সাইফুল্লাহ্ বারী (২৪) উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
রোববার বিকাল ৩টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে বলে সাঘাটা থানার ওসি মাহবুবুর রহমান জানান।
এ ঘটনায় আহত সালাউদ্দিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বলেন, বিকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে তার সঙ্গে স্থানীয় মুকুল মিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় সাইফুল্লাহ্ বারী ও সালাউদ্দিন তার পক্ষ নিয়ে ওই তর্কে জড়িয়ে পড়েন।
“একপর্যায়ে মুকুল ও তার সহযোগীরা দেশি ধারালো অস্ত্র দিয়ে সাইফুল্লাহ্ বারী ও সালাউদ্দিনের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সাইফুল ইসলামকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান।”
ওসি মাহবুবুর রহমান বলেন, মামলার প্রস্তুতি চলছে।