২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কর পরিদর্শক সেজে এনআইডি সংশোধন করতে গিয়ে ধরা

আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 04:07 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর পরিদর্শক সেজে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে এসে আটক হয়েছেন এক যুবক।

একই সময়ে জাল সনদ ব্যবহার করে এনআইডি সংশোধন আসা আরেক ব্যক্তিকে আটক করা হয়েছে।  

সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশে দেওয়া হয় বলে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান।

আটকরা হলেন চান্দিনা উপজেলার বামতিয়া গ্রামের আবুল কালাম আজাদ এবং দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শামছুল হক।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন অফিসে আসেন। অন্যদিকে শামছুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের জাতীয় পরিচয়পত্র সংশোধনের চেষ্টা করেন। 

“তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে তাদেরকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।”

কুমিল্লা কোতোয়ালী থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “নির্বাচন কমিশন আমাদের কাছে যে অভিযোগ করবে, আমরা তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করব। তাদের অভিযোগ প্রস্তত হচ্ছে।”