২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা সেলিম বাগেরহাটের তিনটি আসনে মনোনয়নপত্র নিলেন

শিল্পপতি এম এ এইচ সেলিম জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 07:45 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম তিনটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেলিমের পক্ষে তার বড় ছেলে মেহেদী হাসান তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

২০০৭ সালে ওয়ান-ইলেভেনের পর রাজনীতি থেকে দূরে থাকা বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সেলিম গত বছরের ৫ অগাস্টের পর রাজনীতিতে ফেরেন। বিএনপি থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন।

শনিবার বিএনপি বাগেরহাটের চারটি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করে। দল থেকে মনোনয়ন না পেয়ে সেলিমের নামে বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট), বাগেরহাট-২ (সদর ও কচুয়া) এবং বাগেরহাট-৪ (শরণখোলা, মোরেলগঞ্জ) এই তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহের পর সেলিমের বড় ছেলে মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, ২০০১ সালে প্রথমবারের মতো বিএনপি থেকে মনোনয়ন পেয়ে বাবা বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময়ে বাগেরহাটের শিক্ষা, রাস্তাঘাটসহ নানা অবকাঠামোগত কী ধরনের উন্নয়ন হয়েছে তা সবাই জানেন। ওয়ান-ইলেভেনের সময় রাজনীতির কারণে তিনি কারাবরণ করেছিলেন। এরপর তিনি রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন।

“এলাকার মানুষের আগ্রহের কারণে বাবা আবার রাজনীতিতে ফেরার অঙ্গীকার করেছেন। এলাকার উন্নয়নে আমার বাবাকে আবার মানুষ চাইছে। তাই তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন।”

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার বলেন, চারটি সংসদীয় আসনে সোমবার পর্যন্ত বিএনপি থেকে আটজন, জামায়াতে ইসলামী থেকে দুজন, ইসলামী আন্দোলন থেকে চারজন, খেলাফত মজলিস থেকে একজন এবং স্বতন্ত্র একজন- মোট ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।