২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

পাহাড় কাটায় জড়িতরা আত্মগোপনে থাকায় আর কেউ নিখোঁজ আছে কি না বলা যাচ্ছে না বলে জানান ওসি।

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

খবর পেয়ে পুলিশ, ফায়াস সার্ভিস ও বন বিভাগ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2023, 02:53 PM

Updated : 29 Mar 2023, 02:53 PM

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে তিন জন নিহত হয়েছেন। নিহতরা রোহিঙ্গা শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার ভোরে উখিয়া উপজেলা সদরের মুহুরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। 

নিহতরা হলেন, লম্বাসিয়া শরণার্থী শিবিরের মৃত মোহাম্মদ ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর ও মৃত আব্দুল মতলবের জাহিদ হোসেন এবং ময়নারঘোনা শরণার্থী শিবিরের সুলতান আহমদের ছেলে নূর কবির। 

ওসি মোহাম্মদ আলী বলেন, গোপনে পাহাড় কাটার জন্য রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করছে একটি চক্র।  বুধবার ভোর সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে চক্রটি পাহাড় কাটার সময় মাটি ধসে চাপা পড়েন কয়েকজন শ্রমিক। 

“খবর পেয়ে পুলিশ, ফায়াস সার্ভিস ও বন বিভাগ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কেউ আছে কি না দেখা হচ্ছে। 

“ঘটনার পর থেকে পাহাড় কাটায় জড়িতরা আত্মগোপনে রয়েছে। ফলে আর কেউ নিখোঁজ আছে কি না জানা যাচ্ছে না। ” 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থলে রয়েছেন বলে ওসি জানান।

ওসি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।