২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা মামলায় যুবলীগ নেতা কারাগারে

বুধবার রাতে উপজেলার পাটগাতী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় এক যুবলীগ নেতাকে কারগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন জানান।

এর আগে বুধবার রাতে আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় যুবলীগ নেতা দেলোয়ার হোসেনকে উপজেলার পাটগাতী বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৪৫) টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাটগাতী গ্রামের ফহম শেখের ছেলে।

গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গিপাড়া সদরের খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় আওয়ামী লীগ সন্দেহে সাফায়েত গাজী নামের এক মুদি ব্যবসায়ীকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। তখন পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ১০৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।