১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ঘুষ চেয়ে হাজতে গেলেন ‘ভুয়া পুলিশ’

মামলা থেকে অব্যহতি দেওয়ার কথা বলে এক টেইলারিং শপের মালিকের কাছে টাকা চেয়েছিলেন পুলিশের এসআই পরিচয় দেওয়া উৎপল।

গোপালগঞ্জে ঘুষ চেয়ে হাজতে গেলেন ‘ভুয়া পুলিশ’
উৎপল মণ্ডল ওরফে গৌতম মণ্ডল।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2025, 01:01 PM

Updated : 26 Aug 2026, 12:28 PM

গোপালগঞ্জে সদর উপজেলায় পুলিশের পরিচয় দিয়ে ঘুষ দাবি করা এক যুবককে আটক করার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার বিকালে উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান। 

আটক উৎপল মণ্ডল (৪২) ওরফে গৌতম মণ্ডল মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে।

ওসি সাজেদুর বলেন, উৎপল মণ্ডল পুলিশের উপপরিদর্শক পরিচয়ে ঘোনাপাড়া এলাকার টেইলারিং শপের মালিক মনোতোষ মণ্ডলের কাছে ঘুষ দাবি করেছিলেন।

“মনোতোষ মণ্ডলকে ‘কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল নেতা শওকত হোসেন দিদার হত্যা মামলার আসামি’ হিসাবে উল্লেখ করে উৎপল বলেছিলেন- ‘কিছু টাকা পয়সা দিলে আপনাদের ওই মামলা থেকে অব্যহতি দেওয়া হবে।’ 

“কিন্তু মনোতোষ মণ্ডলের কাছে উৎপলের আচরণ সন্দেহজনক মনে হয়। তখন তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎপলকে আটক করে।”

এসময় তার কাছে থেকে পুলিশের উপপরিদর্শকের একটি ভুয়া আইডি কার্ডও জব্দ করে পুলিশ। পরে তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় প্রতারণা মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, উৎপল মণ্ডল ওরফে গৌতম মণ্ডলের বিরুদ্ধে আগেই ছয়টি মামলা রয়েছে।এর মধ্যে তিনটি মামলাই হচ্ছে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা মামলা।