কুমিল্লায় প্রতিবন্ধী মেয়েকে হত্যা, মায়ের আত্মহত্যা
ওসি বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, চিকিৎসার খরচ চালাতে না পেরে এবং অভাব-অনটনের মধ্যে এ ঘটনা ঘটেছে।“
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মানসিক ভারসাম্যহীন কিশোরী মেয়েকে বিষ খাইয়ে হত্যার পাশাপাশি মা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান।
নিহতরা হলেন- পরমতলা গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী পারভীন আক্তার (৫০) এবং তার মেয়ে মীম (১৩)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বছর আগে ইব্রাহিম মারা গেছেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে। স্বামীর আয়ে সংসার চলত। স্বামী মারা যাওয়ার পর সংসারের আয়ের পথ বন্ধ হয়ে যায়। কিন্তু মানসিক ভারসাম্যহীন মেয়েটির চিকিৎসার খরচ মেটাতে হিমসিম খাচ্ছিলেন পারভীন। অনেক ধারদেনা করে ফেলেন।
প্রতিবেশী খাদিজা আক্তার ও জ্যোৎস্না আক্তার জানান, তারা চিৎকার শুনে এসে দেখেন মা ও মেয়ে বিষ খেয়েছে। তাদেরকে উপজেলার গৌরীপুরে নিয়ে যাওয়ার সময় রায়পুরে পারভীন মারা যান। দুপুরে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মীমও মারা যায়।
ওসি কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, চিকিৎসার খরচ চালাতে না পেরে এবং অভাব-অনটনে এ ঘটনা ঘটেছে। তবে অন্য কোনো কারণ আছে কি-না, সেটি খতিয়ে দেখছে পুলিশ।”
“পারভীনের আরও দুই ছেলে রয়েছে। তাদের একজনকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।“
মা ও মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
