হবিগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেষ্টা, ৪ জনের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয় রায়ে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক নারীকে হত্যার পর প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ এ কে এম কামাল উদ্দিন চার আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে ওই আদালতের বেঞ্চ সহকারী তপন সিংহ জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মদনপুর গ্রামের আল আমিন, মায়ানগরের ছদর আলী, উত্তমপুরের তাজ উদ্দিন ও স্থানীয় যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া।
মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয় রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও যুবলীগ নেতা মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের কাছে জ্যোৎস্না বেগম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে।
এ ঘটনার পর মিজানুরসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছিলেন নিহতের ভাই রজব আলী। কিন্তু পরবর্তীতে পুলিশের তিন দফা তদন্তে বের হয়ে আসে মিজানুরকে ফাঁসানোর জন্য সুফি মিয়া অন্যান্য আসামিদের সঙ্গে মিলে পাঁচ লাখ টাকার বিনিময়ে জ্যোৎস্নাকে হত্যা করে যুবলীগ নেতাকে ফাঁসানোর জন্য মামলা করান।
পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ চক্রান্তের সঙ্গে জড়িত আল আমিন, ছদর আলী, তাজ উদ্দিন ও সুফি মিয়াসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
এর আগে ছদর আলী ও তাজ উদ্দিন আদালতে জবানবন্দি দেন। ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চারজনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।
