২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়রের মরদেহ উদ্ধার

সাবেক মেয়রের প্রথম স্ত্রী ও স্বজনদের দাবি, তার স্বাভাবিক মৃত্যু হয়নি।

দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়রের মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শাহনেওয়াজ শাহান শাহ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 05:49 PM

Updated : 26 Aug 2023, 06:03 PM

জামালপুরের নিজ ঘর থেকে দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলোর চরভবসুর ঠোটাপাড়া থেকে মরদেহটি পাওয়া যায় বলে জানান দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই হারুন রশীদ।

নিহত শাহনেওয়াজ শাহান শাহ (৪৫) ওই এলাকার বাসিন্দা। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

এসআই হারুন রশীদ বলেন, সাবেক মেয়র শাহনেওয়াজের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, এরপর সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে; এ ছাড়া ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শাহনেওয়াজ শাহান শাহর প্রথম স্ত্রী মোছা. কাকলী আক্তারসহ স্বজনদের দাবি, তার স্বাভাবিক মৃত্যু হয়নি।

প্রথম স্ত্রী জানান, তিনি শুক্রবার রাতে বাবার বাড়িতে ছিলেন। তার স্বামী দ্বিতীয় স্ত্রী শিলার ঘরে ছিলেন। শুক্রবার রাতে তার স্বামী সুস্থ ছিলেন, তার কোনো সমস্যা ছিল না।

এদিকে দ্বিতীয় স্ত্রী তার স্বামীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।

শাহনেওয়াজ শাহান শাহ মেয়র থাকার সময় ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারেন। তখন বিষয়টি নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনা হয়।

ঘটনার দিনই দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন শিক্ষা কর্মকর্তা। মামলার পর ২১ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে। এরপর র‌্যাব তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। ৪৮ দিন জেল খেটে তিনি জামিনে মুক্তি পান।

 আরও পড়ুন:

পুরনো খবর:

শিক্ষা কর্মকর্তাকে দেওয়ানগঞ্জ মেয়রের থাপ্পড় মারার অভিযোগ
শিক্ষা কর্মকর্তাকে ‘থাপ্পড়’: বরখাস্ত মেয়রের জামিন