ভূমিকম্প: নরসিংদীতে ক্ষতি নিরূপণে কমিটি
দেশে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এ ভূমিকম্পে উৎপত্তিস্থল নরসিংদীতেই প্রাণ হারিয়েছেন পাঁচজন।
নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতি নিরূপণ করাসহ ভূমিকম্পে ফাটল ধরা সরকারি-বেসরকারি ভবনসহ বিভিন্ন স্থাপনা চিহ্নিত করণে কাজ করছে জেলা প্রশাসন।
এর মধ্যে নরসিংদী শহরে হেলে পড়া বা ফাটল ধরা ভবন চিহ্নিত করতে পৌর কর্তৃপক্ষ চার সদস্য বিশিষ্ট কমিটি করেছে বলে জানিয়েছেন নরসিংদী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখা, নরসিংদীর উপ-পরিচালক মো. মনোয়ার হোসেন।
পৌর নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে গঠন করা এ কমিটি বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। পরবর্তীতে জেলা পর্যায়ের কমিটি মোট ক্ষতির পরিসংখ্যান নির্ধারণ করা হবে বলে জানান পৌর প্রশাসক।
এর মধ্যেই পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৪টি আবাসিক ভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউজে ফাটলসহ শতাধিক ভবনে ছোট ছোট ফাটলের তথ্য পাওয়া গেছে।
সেগুলো অনুসন্ধানের পর সুনির্দিষ্ট তথ্য জানাবে জেলা প্রশাসন।
ভূমিকম্পের পর আগুনে ক্ষতিগ্রস্তের ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে জাতীয় গ্রিডের সংযোগ শুক্রবার রাতেই মেরামত করা হয়েছে।
দেশে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এ ভূমিকম্পে উৎপত্তিস্থল নরসিংদীতেই প্রাণ হারিয়েছেন পাঁচজন।
নিহতদের মধ্যে সানশেড ভেঙে মাথায় পড়ে বাবা-ছেলে, দেয়াল চাপায় এক বৃদ্ধ ও গাছ থেকে পড়ে একজন মারা গেছেন। অপরজন প্রাণ হারিয়েছেন আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে।
নরসিংদীর পৌর প্রশাসক মনোয়ার হোসেন বলেন, ভূকিম্পে নিহত বাবা-ছেলেসহ পাঁচ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়া হয়েছে।
এদিকে ভূমিকম্পের পর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা বাড়ি ফিরে গেছেন জানিয়ে পৌর প্রশাসক বলেন, এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন কেউ নেই, দুই একজন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন
