ভূমিকম্পের পর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন, সরবরাহ বন্ধ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে; যার উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।
ভূমিকম্পের কারণে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রাংশ পুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান পলাশ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আব্দুল শহিদ।
এদিকে ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল শহিদ বলেন, আগুনের খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়।
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক বলেন, ভূমিকম্পের কারণে আগুনের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে; যার উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।
