Published : 21 Nov 2025, 03:24 PM
ভূমিকম্পের কারণে নরসিংদীর সদর থানায় বাড়ির সানশেড ভেঙে মাথায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে স্বজনরা তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
নিহত দশ বছরের ওমর সদর থানার গাবতলি এলাকার দেলোয়ার হোসেন উজ্জ্বলের ছেলে।
তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় উত্তর পাড়া গ্রামের। বর্তমানে নরসিংদী গাবতলী এলাকায় ভাড়া থাকতেন তারা।
ওমরের চাচা জাকির হোসেন বলেন, “ভূমিকম্পের সময় দেলোয়ার তার এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছিলেন। এসময় বাসার সানশেড ভেঙে তাদের উপর পড়ে দুইজন গুরুতর আহত হয়।
“পরে স্থানীয়রা তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন।”
দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দেলোয়ারের দুই মেয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে বলেও জানান তিনি।
এছাড়া, ভূমিকম্পে সময় নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে ষাটোর্ধ্ব এক ব্যক্তির প্রাণ গেছে।
জেলার বিভিন্ন স্থানের ভবন থেকে হুড়োহুড়ি করে নামার সময় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ। তারা নরসিংদী সদর ও জেলা হাসপাতালে ভর্তি আছেন। কয়েক জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।