গোপালগঞ্জে সহিংসতা: এবার সড়কে প্রতিবন্ধকতার মামলা, আসামি ৪৭৭
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ঘিরে সহিংসতায় এ নিয়ে ১৫টি মামলা করা হল।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির-এনসিপি সমাবেশ ঘিরে সহিংসতায় আরেকটি মামলা করা হয়েছে। এবার সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে করা মামলায় আসামি করা হয়েছে ৪৭৭ জনকে।
বুধবার রাতে গোপালগঞ্জ সদর থানার এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি করেন বলে জানিয়েছেন ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।
মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গত ১৬ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গাছ কেটে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ওপর ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দেওয়া হয় মহড়া। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
আগের ১৪ মামলার তথ্য
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ঘিরে সহিংসতায় এ নিয়ে ১৫টি মামলা করা হল।
সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা কারাগারে হামলা, জেলা প্রশাসকের বাসভবনে হামলা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও ৫ হত্যাকাণ্ডের ঘটনায় মোট সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় মামলাগুলো দায়ের করা হয়েছে।
এর মধ্যে মঙ্গলবার গোপালগঞ্জ সদর থানার দুটি মামলা করা হয়। গোপালগঞ্জের জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগ নেতাসহ ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪৭ জনের নাম উল্লেখ আসামি করা হয় সাড়ে পাঁচ হাজার জনকে।
এর আগে গত ১৯ জুলাই রাতে চার যুবক নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় চারটি হত্যা মামলা করে। চার মামলায় অজ্ঞাত পাঁচ হাজার ৪০০ জনকে আসামি করা হয়।
গত ২৬ জুলাই নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাত আসামির সংখ্যা এ মামলায় উল্লেখ করা হয়নি।
এ ছাড়া গোপালগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে দুটি এবং জেলা কারাগারে হামলার ঘটনায় একটি মামলা করা হয়।
অন্যদিকে বিশেষ ক্ষমতা আইনে কাশিয়ানী থানায় দুটি, কোটালীপাড়ায় একটি এবং টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করে পুলিশ।
সবমিলিয়ে এখন পর্যন্ত ১৫ মামলায় আসামি করা হয়েছে মোট ১৬ হাজার ১৬২ জনকে। তার মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১ হাজার ২৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি করা হয় ১৪ হাজার ৯১০ জনকে।
বুধবার পর্যন্ত আইন শৃংখলারক্ষা বাহিনী গ্রেপ্তার করেছে ৩২৯ জনকে।
আরও পড়ুন...
