১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ২ বাইকে অগ্নিসংযোগ: আওয়ামী লীগের ৩৫৪ জনের বিরুদ্ধে মামলা

মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০০ জনকে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

জাতীয় নাগরিক পার্টি-এনিসিপির পদযাত্রায় বাধা দিতে সড়ক অবরোধ করে দুটি মোটরসাইকেলে পোড়ানোর ঘটনায় ৩৫৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন বলে শনিবার বিকাল সোয়া ৩টায় জানান থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান। 

এ মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০০ জনকে। 

মামলার বিবরণে বলা হয়েছে, বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ছিল। এ কর্মসূচিতে বাধা দিতে সেদিন সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সাতপাড়ে ব্যারিকেড সৃষ্টি করে আসামিরা। 

সেখানে তারা উত্তেজনাপূর্ণ শ্লোগান দিতে থাকে। তাদের বাধায় ওই সড়কে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে সেখানে দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় আসামিরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে দুপুরের দিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওই সড়ক দিয়ে গোপালগঞ্জে এসে পদযাত্রা ও সভায় যোগ দেয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।   

সেদিন পরে এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ।

টানা ৫ ঘণ্টার ওই সংঘাতে নিহত হন অন্তত চারজন। এছাড়া আহতদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান।

সংঘাতের সময় পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়া এনসিপির কেন্দ্রীয় নেতারা সেদিন সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে গোপালগঞ্জ ত্যাগ করেন।