Published : 30 Jul 2025, 08:41 PM
এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের সময় গোপালগঞ্জের জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় মামলা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে সদর পুলিশ ফাঁড়ির এসআই মো. ফারুক হোসেন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছেন।
মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
১৬ জুলাই এনসিপির সমাবেশে হামলা ও হাতবোমা নিক্ষেপ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, জেলা কারাগারে হামলা, হত্যাকাণ্ড, জেলা প্রশাসকের বাসভবনে হামলা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে মোট ১৪টি মামলা করা হল। সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় মামলা হয়েছে।
জেলা প্রশাসকের বাসভবনে মামলার এজাহারে বলা হয়েছে, ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ পৌর পার্ক, লঞ্চঘাট, কাঁচাবাজার এলাকাসহ সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে জনগণের মনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে যান চলাচল ব্যাহত করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের পক্ষে মিছিল করা হয়। আসামিরা অসৎ উদ্দেশ্যে ও এনসিপির পথসভা নস্যাৎ করতে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করতে জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করেন। এ সময় জেলা প্রশাসকের বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়।
এদিকে ১৪টি মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক হাজার ১৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৪ হাজার ৫১৯ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় ১৬ জুলাই থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।