২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে মাদ্রাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

শিশু আবিরের স্বজনদের অভিযোগ, পড়া নিয়ে মারধরের এক পর্যায়ে আবির অসুস্থ হয়ে বমি করে; তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়িতে মাদ্রাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

হাসপাতালে শিশু শিক্ষার্থী আবিরের লাশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 01:03 AM

Updated : 28 Aug 2023, 01:03 AM

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাত বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষকের বিরুদ্ধে।

রোববার বিকালে উপজেলার ভুয়াছড়ি বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয় বলে জানান খাগড়াছড়ি সদর থানার এসআই সুজন চক্রবর্তী।

নিহত শিক্ষার্থীর নাম আব্দুর রহমান আবির। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী এবং আইয়ুব আলী মেম্বার পাড়ার মো. সারোয়ারের ছেলে।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. আমিন ইসলাম। তিনি হেফজ বিভাগের হাফেজ, তার বাড়ি মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় । তবে ঘটনার পর থেকে তিনি পলাতক।

শিশু আবিরের স্বজনদের অভিযোগ, পড়া নিয়ে মারধরের এক পর্যায়ে আবির অসুস্থ হয়ে বমি করে। তখন তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তার লাশ ফেলেই হাসপাতাল থেকে পালিয়ে যান ‘আমিন হুজুর’ হিসেবে পরিচিত ওই শিক্ষক।

আবিরের খালা আছিয়া খাতুন বলেন, “হুজুর আমাকে ফোন করে জানায় আবির বমি করেছে। আমরা যেন হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে দেখতে পাই আবিরের লাশ পড়ে আছে, আমিন হুজুর তাকে রেখে পালিয়ে গেছে।”

আরেক স্বজন মো. দেলোয়ার হোসেন জানান, কিছুদিন আগেই আবিরকে ভুয়াছড়ির ওই মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। পড়তে না বসায় তাকে মারধর ও অত্যাচার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

মাদ্রাসাটির প্রধান শিক্ষক মো. ফরিদুর রহমান জানিয়েছেন, তাকেও ফোন করে আবিরের অসুস্থতা ও হাসপাতালে ভর্তির কথা বলেছিলেন আমিন ইসলাম।কিন্তু হাসপাতালে গিয়ে আর ওই শিক্ষককে পাওয়া যায়নি। তিনি লাশ ফেলেই পালিয়ে গেছেন।

এসআই সুজন চক্রবর্তী বলেন, মৃত শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।