২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুতে পোস্ট দেওয়ায় কাশিয়ানীর ৬ ছাত্রলীগ নেতা বহিষ্কার

সেইসঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখা বরাবর সুপারিশও করেছে উপজেলা ছাত্রলীগ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 08:39 PM

Updated : 19 Aug 2023, 08:39 PM

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেইসবুকে পোস্ট দেওয়াসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ। 

শুক্রবার বিকালে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সাময়িক বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ইমন সরদার, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ এবং নিজামকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহাগ মোল্যা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ ছাত্রলীগ, কাশিয়ানী উপজেলা শাখার জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় সংগঠন থেকে উপরোক্তদের সাময়িক বহিষ্কার করা হল।” 

সেইসঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখা বরাবর সুপারিশও করেছে উপজেলা ছাত্রলীগ। 

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা বলেন, “জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছয় ছাত্রলীগ নেতা ফেসবুকে পোস্ট দেন। এর মাধ্যমে তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যার দায়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।” 

ছাত্রলীগ শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার আদর্শের সংগঠন উল্লেখ করে জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্যা বলেন, “এই আদর্শে কোনো বিচ্যুতি ঘটলে, কোনো সাংঘর্ষিক ঘটনা ঘটলে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবো। একারণেই এই ছয়জনকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।”