খাগড়াছড়িতে এক স্থানে ২ দলের ইফতার, ১৪৪ ধারা জারি
এ আদেশের ফলে পৌর বাস টার্মিনাল এলাকায় কোনো সংগঠন সেখানে আর কর্মসূচি পালন করতে পারবে না।
খাগড়াছড়ি সদরে একই স্থানে স্বেচ্ছাসেবক দল ও জাতীয় শ্রমিক লীগ ইফতার পার্টি আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার বিকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশের প্রতিবেদনে আগামীকাল শনিবার পৌর বাস টার্মিনাল এলাকায় জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ এবং সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলের আয়োজনের কথা জানানো হয়।
একই স্থানে দুই সংগঠনের কর্মসূচিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর বাস টার্মিনাল ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ জারি করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ আদেশের ফলে কোনো সংগঠন সেখানে আর কর্মসূচি পালন করতে পারবে না।
এদিকে, ক্ষমতাসীন দলের ইন্ধনে প্রশাসন স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিলকে পণ্ড করতে পাঁয়তারা করছে বলে অভিযোগ জেলা বিএনপির।
শনিবারের পূর্বনির্ধারিত বিভাগীয় ইফতার মাহফিল পণ্ড হলে আগামী ১২ ও ১৩ এপ্রিল খাগড়াছড়িতে বিএনপি সড়ক অবরোধ করবে বলে বলে দলের জেলা সভাপতি ওয়াদুদ ভূইয়া জানান।
পৌর এলাকার কলাবাগানের বাসভবনে শুক্রবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
আগামী ১২ এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর সর্ববৃহৎ সামাজিক অনুষ্ঠান বৈসাবি শুরু হবে।
