২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের সীমান্তে এক কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ একজন গ্রেপ্তার

গ্রেপ্তার আতিয়ার কৃষকের বেশে ঘাস কাটছিলেন; সন্দেহ হলে বিজিবি তার দেহ তল্লাশি করে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 10:43 PM

Updated : 08 Nov 2022, 10:43 PM

যশোরের চৌগাছার সীমান্ত দিয়ে ‘ভারতে পাচারের সময়’ কৃষক বেশে থাকা এক ব্যক্তি এক কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় মাসিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে 

আটক আতিয়ার রহমান (৫০) চৌগাছা উপজেলার গদাধরপুর গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, সন্ধ্যায় মাসিলা সীমান্তের মেইন পিলার নম্বর ৩৯ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতর লক্ষ্মীপুর মাঠ থেকে স্বর্ণের চালানটি আটক করা হয়।

ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদে মাসিলা বিওপিতে কর্মরত নায়েক রোকন উদ্দিনের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালায় বলে তিনি জানান।

বিজিবি কর্মকর্তা বলেন, ওই সময় বিজিবি সদস্যরা মাঠে একজন ব্যক্তিকে কৃষক বেশে ঘাস কাটতে দেখতে পান। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করেন।

“তার কোমরে বিশেষ কায়দায় রাখা পাঁচটি ছোট ও একটি বড় আকারের স্বর্ণের বার পাওয়া যায়। আটক স্বর্ণের ওজন এক কেজি ২০০ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ৯৬ লাখ ১০ হাজার টাকা।" 

এ ব্যাপারে পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।