যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুতে পোস্ট: বরিশালে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
তবে সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া বিজ্ঞপ্তিতে সাঈদীকে নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ার বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করা হয়নি।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেইসবুকে পোস্ট দেওয়ার পর বরিশালের উজিরপুর উপজেলার চার ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় তাদের বহিষ্কারের কথা জানিয়েছেন উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী।
তবে সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া বিজ্ঞপ্তিতে সাঈদীকে নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ার বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করা হয়নি।
সেখানে বলা হয়েছে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সাময়িকভাবে বহিস্কার করা হলো। তাদেরকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বরিশাল জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী ও সাধারণ সম্পাদক জালিজ মাহমুদ শাওন সাময়িকভাবে বহিস্কারের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
বহিষ্কৃতরা হলেন- উপজেলার বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শান্ত, সদস্য সাইদ ফকির, গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাজু হাওলাদার এবং গুঠিয়া আইডিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি তাইজুল ইসলাম।
বহিষ্কারের কারণ জানতে চাইলে উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। তারা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড করেছে, তাই সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এখন তাদের কাছে কারণ জানতে চাওয়া হবে।”
তবে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ছাত্রলীগের এক নেতা জানিয়েছেন, গত ১৪ আগস্ট ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, রাজু, সাঈদ ফকির, তাইজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সাঈদীর মৃত্যুর খবর সম্বলিত সংবাদ কার্ড শেয়ার করেন। অবশ্য একদিন পর আবার সেই পোস্ট মুছেও দেন তারা।
এ বিষয়ে বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত বলেন, “গত ১৪ আগস্ট বিএনপি-জামায়াতের নেতারা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে আওয়ামী লীগ ও সরকারকে দোষারোপ করে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিল। তখন আমি সত্য ঘটনা জেনে ফেইসবুকে নিজের আইডি থেকেই সাঈদীর মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে বলে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছিলাম। পরবর্তীতে ভুল বুঝতে পেরে সরিয়ে নিউ।
“এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের নেতাদের কাছে ও দলের কাছে ক্ষমা চেয়েছি। এখন দল যেটি ভালো মনে করেছে সেটিই করেছে।”
