২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূ ও কিশোরের

কুড়িগ্রামের রৌমারীর কাউনিয়ার চরে এবং হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূ ও কিশোরের

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত গৃহবধূর বাড়িতে স্বজনদের আহাজারি।

কুড়িগ্রাম প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 08:04 PM

Updated : 18 Aug 2023, 08:04 PM

বিদ্যুৎস্পৃষ্টে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক গৃহবধূ ও হবিগঞ্জ সদরে এক কিশোরের প্রাণ গেছে। 

শুক্রবার রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর পশ্চিমপাড়া গ্রামে ও হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। 

নিহতরা হলেন- কাউনিয়ার চর পশ্চিমপাড়া গ্রামের নেককার হোসেনের স্ত্রী রাশেদা খাতুন (৪৫) এবং হবিগঞ্জ সদরের লুকড়া গ্রামের আনোয়ার আলীর ছেলে নয়ন মিয়া (১৪)। 

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন, নেককার প্রতিদিনের মতো শুক্রবারও তার ইজিবাইকটি বাড়িতে চার্জে লাগিয়ে রাখেন। তবে তারে সমস্যা থাকায় ইজিবাইকটি বিদ্যুতায়িত হয়েছিল। 

বেলা ১২টার দিকে রাশেদা চার্জ হয়েছে কিনা তা দেখতে ইজিবাইকে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয়। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান ইউপি চেয়ারম্যান। 

এ দিকে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, শুক্রবার সকালে নয়ন বাড়ির পাশে ডাল কাটতে একটি গাছে ওঠে। ওই গাছের ওপর দিয়ে বিদ্যুতের মেইন গেছে। ডাল কাটার এক পর্যায়ে অসাবধানতা বশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে নয়ন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।