১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে জীবন্ত ‘ঈগল’ নিয়ে মিছিল

স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর নির্বাচনি জনসভায় ‘ঈগল’ পাখি নিয়ে যোগ দেন এক সমর্থক।

নরসিংদীতে জীবন্ত ‘ঈগল’ নিয়ে মিছিল

নরসিংদী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর নির্বাচনি জনসভায় ‘ঈগল’ পাখি হাতে এক সমর্থক।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2024, 08:20 PM

Updated : 04 Jan 2024, 09:20 PM

নরসিংদী-৫ আসনে জীবন্ত ‘ঈগল’ নিয়ে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর পক্ষে মিছিল করতে দেখা গেছে।

বৃহস্পতিবার বিকালে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ঈগল পাখি নিয়ে নির্বাচনি জনসভায় যোগ দেন।

স্থানীয়রা জানান, উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি থেকে একটি মিছিল ‘ঈগল’ প্রতীকের প্রার্থী মিজানুর রহমানের সমর্থনে জনসভায় যোগ দেয়।

এ সময় জীবন্ত ঈগল নিয়ে তাদের উল্লাস ও মিছিল করতে দেখা যায়। পাখিটির পা ও ডানা শক্তভাবে ধরে রেখে বিভিন্ন স্লোগান দিয়ে নাচতে থাকেন সমর্থকরা।

বিষয়টি নিয়ে উপস্থিত লোকজনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আওয়ামী লীগ নেতা রিয়াদ আহমেদ সরকার পাখিটি দেখিয়ে নেতাকর্মীদের সরিয়ে নিতে বলেন। এরপরও দীর্ঘ সময় পাখিটি নিয়ে মিছিল করেন সমর্থকরা।

এক পর্যায়ে পাখিটি নিস্তেজ হয়ে পড়ে। পরে পাখিটি ছেড়ে দেওয়া হয়। কিন্তু উড়তে না পেরে ঈগলটি ডানা ঝাপটে একাধিক বার মাটিতে লুটিয়ে পড়ে। পরে ঢিল মেরে পাখিটিকে স্কুলের ছাদে ফেলে দেয়া হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর সমর্থক সুমন মিয়া বলেন, “মানুষকে দেখানোর জন্য ও উল্লাস করতে পাখিটি ধরেছিলাম। তবে ছেড়ে দেব।”

রায়পুরা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, “বিষয়টি মাত্রই শুনেছি। এটা অবশ্যই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”