২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কণ্ঠশিল্পী মমতাজের স্বামীর গাড়িতে হামলার অভিযোগ

অভিযোগের একদিন পর মঈন হাসান অভিযোগের তদন্ত করতে নিষেধ করেছেন বলে পুলিশের ভাষ্য।

কণ্ঠশিল্পী মমতাজের স্বামীর গাড়িতে হামলার অভিযোগ

সংসদ সদস্য মমতাজ বেগমের সঙ্গে ডা. এ এস এম মঈন হাসান

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 08:15 PM

Updated : 28 Aug 2022, 08:15 PM

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী এ এস এম মঈন হাসানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

২৩ অগাস্ট এ হামলা হলেও এর চার দিন পর শুক্রবার ছয় জনকে আসামি করে মঈন সিঙ্গাইর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানিয়েছেন।

ওসি সফিকুল ইসলাম মোল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডা. এ এস এম মঈন হাসান তার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত শুরুও করেছিলাম। তবে একদিন পর মঈন হাসান নিজে অভিযোগের তদন্ত করতে নিষেধ করেছেন।”

মঈনের অভিযোগ থেকে জানা যায়, ২৩ অগাস্ট বিকালে তিনি সিঙ্গাইর উপজেলার বিন্নাডাঙ্গি এলাকা থেকে ব্যক্তিগত গাড়িতে ঢাকায় যাওয়ার উদ্দেশে বের হন। কিছুক্ষণ পরেই একটি সিএনজিচালিত অটোরিকশা তার গাড়ির গতিরোধ করে। কয়েকজন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে নেমে অতর্কিত তার গাড়িতে হামলা চালায়। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্তের পাশাপাশি তিনি আঘাত প্রাপ্ত হন।

অভিযোগে সিঙ্গাইরের গাজিন্দা গ্রামের মো. জজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০), হযরত আলীর ছেলে মোসলেম উদ্দিন, মধ্যধল্লা গ্রামের শুকুর আলীর ছেলে মো. রুবেল, ফিরোজ মুন্সির ছেলে মো. আশরাফ আলী, বাস্তা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন, আনোয়ার আলীর ছেলে জসিমসহ অজ্ঞাত আরো ২-৩ আসামি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান (ভিপি শহীদ) বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এর সঙ্গে দলীয় কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম বলেন, “হামলার কারণ নিশ্চিত হতে পারিনি।”