টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে এল মানবকঙ্কাল, ডিএনএ নমুনা সংগ্রহ
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমুদ্র সৈকত থেকে মানবকঙ্কালটি উদ্ধার করে পুলিশ।
কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি মানবকঙ্কাল।
বৃহস্পতিবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ঘোলার চরে ঝাউ বাগানের পাশের সৈকতে আটকে যায় পানিতে ভেসে আসা কঙ্কালটি।
পরে দুপুর ১২টার দিকে সমুদ্র সৈকত থেকে পুলিশ মানবকঙ্কালটি উদ্ধার করে বলে জানান টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার।
তিনি বলেন, “জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা একটি কঙ্কাল দেখতে পান স্থানীয় লোকজন। পরে টেকনাফ থানায় খবর দিলে এসআই মোহাম্মদ কামালের নেতৃত্বে একদল পুলিশ কঙ্কালটি উদ্ধার করেন।”
কঙ্কালটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, “সিআইডির ফরেনসিক বিভাগ ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। ডিএনএ পরীক্ষার পর কঙ্কালটির পরিচয় নিশ্চিত হওয়া যাবে।”
