রাস্তার ধারে পড়েছিল সাইকেল-মোবাইল, পাশে দোকানির অক্ষত মরদেহ
সোমবার জেলায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
নীলফামারী সদর উপজেলায় রাস্তার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৪টার দিকে শহরের আনছার ক্যাম্পের সামনের সড়কের ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের ধারণা, তিনি অতিরিক্ত গরমের মধ্যে অসুস্থ হয়ে মারা গেছেন।
মৃত সনাতন রায় (৩৫) উপজেলার ইটাখোলা গ্রামের মৃত ভবানী প্রসাদ রায়ের ছেলে। তিনি পেশায় মুড়ি বিক্রেতা ছিলেন।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুক্তারুল আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে সনাতনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”
সনাতনের স্ত্রী সুচিত্রা রানী রায় (৩২) বলেন, শহরের নতুনবাজারে তাদের মুড়ির দোকান আছে। সকাল ১১টার দিকে দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।
“দুপুর ১টার দিকে তার মোবাইল থেকে একটি কল আসে আমার কাছে। কিন্তু কিছু শোনা যাচ্ছিল না। এরপর থেকে ফোনে তাকে আর পাওয়া যায়নি। বিকালে তার মৃত্যুর খবর পাই।“
সুচিত্রা আরও বলেন, “আমার স্বামীর কোনো রোগবালাই ছিল না। আমার ধারণা, প্রচণ্ড রোদ আর গরমে দুপুরে বাড়ি ফেরার সময় সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে পথের ওই স্থানে এসে তার মৃত্যু হয়েছে।”
এদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম সাংবাদিকদের বলেন, সোমবার জেলায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ। গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছিল।
“রোববার ৩৬, শনিবার ৩৫ এবং শুক্রবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলায় এ অবস্থা চলবে আগামী বুধবার পর্যন্ত। এ সময়ে জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।”
